শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দেশজুড়ে
  9. পোর্ট থানা বেনাপোল
  10. ফিচার
  11. বাংলাদেশ
  12. বিনোদন
  13. মডেল থানা যশোর
  14. রাজনীতি
  15. শার্শা থানা

কলমাকান্দায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ আওয়ামী লীগ-বিএনপির মধ্যে

প্রতিবেদক
Face The Jashore
সেপ্টেম্বর ১, ২০২৩ ৩:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ নেত্রকোনার কলমাকান্দায় আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুই ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশত নেতা-কর্মী আহত হয়েছেন। আহতরা ময়মনসিংহ, নেত্রকোনা ও উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (১ সেপ্টেম্বর) দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা ধরে এ সংঘর্ষে চলে।পরে রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও উত্তেজনা থাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। এছাড়া পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল বের করে নেতাকর্মীরা কলমাকান্দা সদরের বিএনপি কার্যালয়ে আসতে শুরু করেন। এতে বাধা দেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বলেন, বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মীরা ধারালো অস্ত্রসহ লাঠিশোটা নিয়ে তাদের ওপর হামলা করেন। এ হামলায় তাদের ৩০ নেতা-কর্মী আহত হয়েছেন।

অপরদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ খায়ের বলেন, আমরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে থানায় অনুমতির জন্য যাই। কিন্তু দেওয়া হয়নি। পরে দুপুরে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা অফিসের দিকে আসতে থাকলে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে তাদের ২০ নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, বিএনপির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র ও লাঠিশোটা নিয়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করলে পুলিশ তাতে বাধা দেয়। এ সময় নেতাকর্মীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়া হয়। এ হামলায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। তবে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে থানায় মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ - আজকের যশোর