রাজধানীর সেন্ট্রাল রোডের ভূতের গলি এলাকায় একটি বাসা থেকে এক শিশু গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আট বছর।
শনিবার বিকেলে সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর ওই বাসার তালা ভেঙে শিশুটির মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম। পুলিশের ধারণা, শিশুটিতে হত্যা করে তার মরদেহ ফ্রিজে ঢুকিয়ে রাখা হয়েছিল।
সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। তবে শিশুটির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, বিকেলে কেয়ারটেকার পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ওই বাসার কাউকে খুঁজে পাওয়া যায়নি।
পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, সাথী আক্তার নামে এক নারী ওই বাসায় থাকতেন। স্বামীর সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। ওই নারী শিশুটিকে নির্যাতন করতো বলে প্রতিবেশীরা জানিয়েছেন।
ওই নারী শুক্রবার সকালে বাসায় তালা দিয়ে তার বাচ্চাসহ বের হয়ে যান বলে সিসিটিভি ফুটেজে দেখা গেছে।
শনিবার বাসার লোকজন ডাকাডাকি করলেও কেউ গেট না খোলায় থানায় খবর দেয়া হয়। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সেন্ট্রাল রোডের ৭৭ নম্বর ওই বাসা থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেছে।












