সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৪ আগস্ট) লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে মূল্যসূচকের বেশ অস্থিরতা দেখা যাচ্ছে। সেই সঙ্গে লেনদেনে ধীরগতি রয়েছে। অবশ্য এর মধ্যেও দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখাচ্ছে কিছু প্রতিষ্ঠান।
প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে চারটি প্রতিষ্ঠান। এ চার প্রতিষ্ঠানের শেয়ার কেনার বিপুল আদেশ এলেও বিক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়েছে।
এ চার প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ওয়াইম্যাক্স, আমরা টেকনোলজি, বেঙ্গলি উইন্ডোজ থার্মাল প্লাস্টিক এবং এসকে ট্রিমস। এ চার প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে দাপট দেখানোর পাশাপাশি ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান।
প্রথম ঘণ্টার লেনদেনে ডিএসইতে যে কটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে বেড়েছে তার প্রায় চারগুণ বেশি প্রতিষ্ঠানের। এতে প্রধান মূল্যসূচক বেড়েছে ৫ পয়েন্ট। আর লেনদেন হয়েছে ১০০ কোটি টাকার কিছু বেশি।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান মূল্যসূচক ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে। সেই সঙ্গে দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। এ বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে।
এদিন শেয়ারবাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার দাম অমার মাধ্যমে। এতে লেনদেন শুরু হতেই ডিএসইর প্রধান সূচক ২ পয়েন্ট কমে যায়। তবে প্রথম ১০ মিনিটের লেনদেন পার হতেই দাম বাড়ার তালিকা বড় হয়। এতে সূচক ও ঊর্ধ্বমুখী হয়।
কিন্তু খুব বেশি সময় সেই ঊর্ধ্বমুখিতা থাকেনি। অবশ্য ৪০ মিনিটের লেনদেন শেষ হওয়ার পর আবার দাম বাড়ার তালিকা বড় হয়। এতে ঋণাত্মক অবস্থা থেকে বেরিয়ে সূচক আবার ঊর্ধ্বমুখী হয়েছে।
এতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১টা ২৮ মিনিটে ডিএসইতে ১০৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ৩৭টির। আর ১২১টির দাম অপরিবর্তিত রয়েছে।
ফলে ডিএসইর প্রধান সূচক বেড়েছে ৫ পয়েন্ট। তবে অন্য দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক দশমিক ১৩ পয়েন্ট কমেছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক বেড়েছে ২ পয়েন্ট। এসময় পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৭২ লাখ টাকা।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৫ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে এক কোটি ৪৫ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৫৮ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ২৭টির, কমেছে ১০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।










