✍নিজস্ব প্রতিবেদক:
যশোরে বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিএনপি-জামায়াতের অবরোধের শেষ দিন বৃহস্পতিবার (২ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। তবে বাসটি পার্কিং অবস্থায় থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নেতারা জানান, যাত্রী নিয়ে বাসটির শুক্রবার সকাল ৭টায় মণিহার থেকে ভোলার চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। বৃহস্পতিবার রাতে বাসটি শহরের মণিহার বাসস্ট্যান্ড এলাকায় এনে পার্কিং করে রাখেন চালক। এরপর গাড়িতে মোটরপার্টস তোলা হয়। এরপর চালক ও হেলপাড় গাড়ি থেকে নেমে যান। রাত পৌনে ১১টার দিকে হঠাৎ করে গাড়ির পেছনের অংশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। দ্রুত আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু এরই মধ্যে বাসের সিংহভাগই পুড়ে যায়। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
এদিকে, বাসে আগুনের খবর পেয়ে পুলিশ, র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। তারা বাসের চালক, হেলপার, প্রত্যক্ষদর্শীসহ স্থানীয় শ্রমিকনেতাদের সঙ্গে কথা বলেন।
বাসটির চালক মিলন হাওলাদার জানান, তিনি গাড়িটি পার্কিং করে রেখে গোসল করতে যান। এর মধ্যেই আগুনের খবর পেয়ে ছুটে আসেন। এসে দেখেন গাড়ির পেছনে ও উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে।












