নিজস্ব প্রতিবেদকঃ
লিটন দাস আজ (সোমবার) রাতে লাহোর যাচ্ছেন। বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান জানিয়েছেন, সোমবার রাত ৯টায় কাতার এয়ারওয়েজের ফ্লাইটে দোহা হয়ে লাহোর যাবেন লিটন।
এর আগে জ্বরের কারনে বাংলাদেশ ওপেনার দলের সঙ্গে এশিয়া কাপ খেলতে যেতে পারেননি। তিনদিন অপেক্ষার পর তাকে স্কোয়াডের বাইরে নিয়ে এনামুল হক বিজয়কে পাঠানো হয়েছে।
গ্রুপপর্বের প্রথম ম্যাচের আগের দিন শ্রীলঙ্কা পৌঁছলেও এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলেননি বিজয়। তবে গতকাল আফগানদের বিপক্ষে ম্যাচে তাকে বদলি ফিল্ডার হিসেবে ফিল্ডিং করতে দেখা গেছে।
এদিকে লিটনের জ্বর সেরে উঠেছে। তাই উইকেটরক্ষক এই ব্যাটার দলের সঙ্গে যোগ দেবেন। তবে কোন প্রক্রিয়ায় যাচ্ছেন? তাকে তো বাংলাদেশ স্কোয়াডের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। এখন লিটন আবার কিভাবে দলে ঢুকবেন? এ প্রশ্ন উঠেছে।
বাংলাদেশ এরই মধ্যে ১৭ জনের দল। এখন লিটন দাসকে ধরলে ১৮ জন হয়ে যাবে। কিন্তু নিয়ম অনুযায়ী দলে আর একজনও বাড়তি সদস্য রাখা যাবে না। তাহলে লিটনকে দলে ফিরতে হলে কাউকে না কাউকে বাদ দিতে হবে, বা একজনকে আহত দেখাতে হবে।
জানা গেছে এশিয়া কাপের আয়োজক এসিসির টেকনিক্যাল কমিটির কাছ থেকে বিশেষ অনুমতি নিয়েই লিটনকে দলে ঢোকানো হবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন, লিটনকে পাঠানোর ব্যাপারে তিনি কিছুই জানেন না। তাকে নির্বাচক, কোচ ও ক্যাপ্টেনের কেউ নাকি কিছুই জানাননি।
আজ সোমবার মিডিয়ার সঙ্গে আলাপে লিটনের এশিয়া কাপ খেলতে যাবার কথা শুনে তাই বিস্মিত বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘প্রথম কথা হচ্ছে আমার জানা নেই ও আজকে যাচ্ছে। যাচ্ছে এই খবরই আমি শুনিনি। আমি খোঁজ নিয়েছিলাম। ওর আপডেট কি। ও যে যাচ্ছে এই ব্যাপারে আমি কিছু জানি না। গেলে তো আমি জানতাম।’
কিন্তু আজ রাত ৯টায় ফ্লাইট, আপনি জানেন না? পাপনের কন্ঠে বিস্ময়, ‘যাচ্ছে? কই আজ এখানে (বিসিবি অফিসে) তো নির্বাচকরাও এসেছিল। ওরাও তো কেউ কিছু বললো না!’
পাপন যোগ করেন, ‘কীভাবে যাবে ? অনুমোদন (বিসিবি সভাপতির) ছাড়াও তো ব্যাপার আছে। এসিসির অনুমোদন তো লাগবে। আমি আসলে এই জিনিসটা (জানি না), আমার কাছে একদম (অবাক বিস্ময় )।’
বিসিবি সভাপতি শেষ করেন এভাবে, ‘আমার সঙ্গে আজকে অধিনায়ক, কোচ ওখানে রাজ্জাক আছে, জালাল ভাই আছে। ওদের সঙ্গে কথা হয়েছে। কেউ আমাকে বলেনি। এটা সামথিং নিউ।’










