ভক্তদের মন ভরেনি। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে খেলতে গিয়ে এক ম্যাচেই কেবল ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পেরেছিলেন। অন্য ম্যাচগুলোতে নিজের নামের প্রতি মোটেও সুবিচার করতে পারেননি।
এক কথায় লিটন দাস গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভক্ত ও সমর্থকদের আশা পূরন করতে পারেননি। জীবনে প্রথমবার দেশের বাইরে কোন টুর্নামেন্ট খেলতে গিয়ে তৌহিদ হৃদয় (শ্রীলঙ্কার এলপিএলে) যে আস্থা ও আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন, বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার লিটন দাস কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে তা পারেননি। ৭ ম্যাচে তার স্কোর (৯, ২১, ২৫, ৫৯, ১০, ১৬, ১২) মোট ১৪২ রান।
গ্লোবাল টি-টোয়েন্টি লিগে নিজেকে মেলে ধরতে না পারলেও অধিনায়কের সম্ভাব্য তালিকায় সাকিবের পাশাপাশি আছে লিটন দাসের নামও। তবে কথা-বার্তা শুনে মনে হচ্ছে অধিনায়কত্ব নিয়ে তার কোন মাথাব্যথা নেই।
তার উপলব্ধি, এটা পুরোপুরি বিসিবির ব্যাপার। কাকে অধিনায়ক করা হবে, সেটা বোর্ডই জানে। ভেতরে সে চিন্তা ধারণ করেন লিটন। তা ওয়ানডে ক্যাপ্টেন্সি নিয়ে বাড়তি চিন্তা না করে এশিয়া কাপে নিজের ব্যাটিং নিয়েই বেশি মনোযোগি বাংলাদেশ দলের এই ওপেনার। এবং সামনের দিনগুলোয় ব্যাট হাতে নিজের সেরাটা উপহার দিতে চান তিনি।
কানাডা থেকে মঙ্গলবার রাতে রাজধানীতে ফিরে আসা লিটন আজ বৃহস্পতিবার দুপুরে হোটেল সোনারগাঁয় এক অনুষ্ঠানে ক্যাপ্টেন্সি নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। তখন এ নিয়ে কথা বলতে গিয়ে লিটন বলেন, ‘দেখুন, এ ব্যাপারটি সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। আপনারা হয়তো এক-দু’দিনের ভেতরে নিউজটা পেয়ে যাবেন। আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডের অ্যামপ্লয়ির মতো, পারিশ্রমিক পাই। আয়-উপার্জন করি।’
লিটনের ধারনা আগামী দু এক দিনের মধ্যেই অধিনায়ক চূড়ান্ত হয়ে যাবে। তা জানিয়ে তিনি ব্যাটিংয়ে নিজের সেরাটা দেয়ার কথা ভাবতে চান। ‘আমার মনে হয় দুয়েক দিনের ভেতর অধিনায়কের নাম পেয়ে যাবেন।’
এখন দল তার কাছে অনেক কিছু চায়। সে বোধ উপলব্ধি থেকেই মুখে এমন কথা লিটনের, ‘যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো।’








