মঙ্গলবার , ২৩ জানুয়ারি ২০২৪
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আজকের যশোর
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. গনমাধ‍্যেম
  7. চাকরি
  8. দূর্ঘটনা
  9. দেশজুড়ে
  10. পোর্ট থানা বেনাপোল
  11. ফিচার
  12. বাংলাদেশ
  13. বিনোদন
  14. মডেল থানা যশোর
  15. রাজনীতি

২৯৭ আরোহীর প্রাণ বাঁচলো ফেরদৌসের স্ত্রীর বিচক্ষণতায়

প্রতিবেদক
Face The Jashore
জানুয়ারি ২৩, ২০২৪ ৬:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিনিধিঃ ঢালিউডের চিত্রনায়ক ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদের স্ত্রী ক্যাপ্টেন তানিয়া রেজার বিচক্ষণতা ও সাহসিকতায় প্রাণে বেঁচে গেল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে থাকা ১২ ক্রুসহ ২৯৭ জনের প্রাণ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী একটি ফ্লাইট আকাশে ওড়ার পর ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটল দেখা দেয়। শনিবার (২০ জানুয়ারি) বিকেলে ওড়ার দুই ঘণ্টা পর সেটি আবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ককপিটের কাচে ফাটল দেখা দেয়ার পর পরই ক্যাপ্টেন সেটিকে ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। ফ্লাইটের যাত্রী ও ক্রু সবাই নিরাপদে আছেন।

বিমান কর্মকর্তারা বলছেন, বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ‘অচিন পাখি’ ঢাকা থেকে ওড়ার আগে নিয়ম অনুযায়ী চেক করা হয়, তখন সবকিছু ঠিকঠাকই ছিল। এরপরই বিমানটি উড্ডয়নের অনুমিত পায়। তবে উড্ডয়নের ঘণ্টাখানেক পর ক্যাপ্টেন উইন্ডশিল্ডে (ককপিটের কাচ) ফাটল দেখতে পান। এরপর তিনি এয়ারট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে সেটি ঢাকায় ফেরানোর সিদ্ধান্ত নেন। ওড়ার দুই ঘণ্টা পর ভারতের আকাশসীমা থেকে ‘অচিন পাখি’ নিরাপদে ঢাকায় ফিরে আসে। পরে ওই ফ্লাইটের যাত্রীদের অন্য ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেয়া হয়।

বিমানের প্রকৌশল ও উপাদান ব্যবস্থাপনা পরিদফতরের পরিচালক এয়ার কমোডর মোয়াজ্জেম হোসেন বলেন, ‘ওড়ার পর আকাশে সেটির উইনশিল্ডে ক্র্যাক দেখা দেয়। চার বছরের মাথায় সাধারণত এমন ঘটনা হওয়ার কথা না। আমরা বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করছি, এটা ম্যানুফাকচারিং ফল্ট না অন্য কোন কারণে হয়েছে, তা জানার চেষ্টা করা হচ্ছে।’

তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস অ্যান্ড প্ল্যানিং বিভাগের চিফ ইঞ্জিনিয়ার এ আর বিও কায়সার জামান বলেন, ‘এটা বোয়িংয়ের কোয়ালিটি ফল্ট। তাদের বিষয়টি জানানো হয়েছে। হয়তো আজকালের মধ্যেই নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে উইন্ডশিল্ড লাগানো হবে।’

২০১৯ সালের ডিসেম্বরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজটি যুক্ত হয়। এর নাম দেয়া হয় ‘অচিন পাখি’। এর আরও পরে সেটি ফ্লাইটে যায়।

এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, উইন্ডশিল্ড বা কাচে ফাটল ধরলে বা ভেঙে গেলে উড়োজাহাজের ভেতরে চাপ কমে যেতে পারে। এতে সেটি ভারসাম্যহীন হয়ে বিপজ্জনক পরিস্থিতির মধ্যে পড়তে পারে। তবে এমন ঘটনা নতুন নয়। এর আগে গত বছরের ফেব্রুয়ারিতে বিমানের বোয়িং ৭৩৭-এর ককপিটের উইন্ডশিল্ড ফেটে গেলে সেটিকে মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। ওই বছরের আগস্টে কাতারের উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয়। নিরাপদেই সেটিকে ভারতের আকাশসীমা থেকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছিল।

সর্বশেষ - আজকের যশোর