নিজস্ব প্রতিবেদকঃ
পদ্মা সেতু উদ্বোধনের দেড় বছরের মাথায় বরিশালে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এ উপলক্ষে বরিশালে বিরাজ করছে উৎসবের আমেজ। জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলে আশা নেতাকর্মীদের। ইতোমধ্যে নির্ধারিত জনসভাস্থল বঙ্গবন্ধু উদ্যানে সভামঞ্চ তৈরির পাশাপাশি সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
দীর্ঘ ৫ বছর পর প্রধানমন্ত্রীর বরিশাল সফরকে ঘিরে সাজসাজ রব শহরজুড়ে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা সভাস্থল ঘুরে দেখেন।
এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন বলেন, ‘বৃহত্তর বরিশালের ৬ জেলায় গত ১৫ বছরে ব্যাপক উন্নয়ন হয়েছে। তাই এই অঞ্চলের মানুষ শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য শুক্রবারের সমাবেশে হাজির হবেন।’
স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, স্বাধীনতার পর বরিশালবাসীর সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু। শুক্রবার সেই সেতু সড়ক পথে পাড়ি দিয়ে বরিশালে আসবেন বঙ্গবন্ধু কন্যা। দেড় বছর আগে পদ্মা সেতু উদ্বোধনের পর এবারই প্রথম সশরীরে বরিশালে হাজির হবেন তিনি। ১৫ বছরে পদ্মা সেতু ছাড়া পায়রা সেতু, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু হয়েছে এ অঞ্চলে। এসব ছাড়াও ছোটবড় অসংখ্য অবকাঠামো নির্মিত হওয়ায় জীবনমান উন্নত হয়েছে বরিশালবাসীর। কিন্তু গ্যাসসহ আরও কিছু দাবি দাওয়া তুলে ধরা হবে নেত্রীর কাছে।
শেখ হাসিনার বরিশাল সফর সমন্বয় কমিটির সদস্য বলরাম পোদ্দার বলেন, ‘নেত্রী (শেখ হাসিনা) আসবেন এটি আমাদের জন্য বিরাট পাওয়া। তাকে বরণ করতে গোটা বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষ উদগ্রীব হয়ে আছেন। সমাবেশস্থল প্রস্তুত করা হয়েছে। এই সমাবেশে কমপক্ষে ১০ লাখ লোকের সমাগমের টার্গেট আমাদের। নেত্রীর আগমনের খবরে সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ তাতে ধারণা করা হচ্ছে দশ লাখেরও বেশি লোক যোগ দেবেন সমাবেশে।’
তিনি বলেন, ‘জুমার নামাজের পর আনুষ্ঠানিকভাবে সভা শুরু হবে। বিকেল ৩টার মধ্যে সমাবেশের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে উঠবেন। জনসভার সভাপতিত্ব করবেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন।
এ ছাড়া ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম ও বরিশাল সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহও বক্তব্য দেবেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস।
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি শেখ হাসিনা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় যোগ দেন। এর পাঁচ বছর পর এবারও নির্বাচনী সভায় যোগ দিতে আসছেন। এর আগে যদিও চলতি বছরের মার্চ মাসে বরিশাল সফরের কথা ছিল প্রধানমন্ত্রীর। পরে তা স্থগিত করা হয়।
’









