নিজস্ব প্রতিনিধিঃ
অনলাইন জুয়ার বিভিন্ন সাইটের সঙ্গে যুক্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাজধানীর মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জের শাহজাদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন— মো. রেজাউল করিম (৩১), মো. সৈকত রহমান (৩০), মো. সাদিকুল ইসলাম (২৮), নাজমুল আহসান (৩০), মো. তৌহিদ হোসেন (২৫) ও মো. জাকির হোসেন (৩৪)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১৭টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, ২১টি সিম, চারটি ল্যাপটপ, সাতটি ডেস্কটপ কম্পিউটার, দুটি ট্যাব এবং নগদ প্রায় চার লাখ টাকা জব্দ করা হয়।
সিআইডির মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান জানান, সিআইডির সাইবার পুলিশ সেন্টারের নিয়মিত মনিটরিংকালে অনলাইন প্লাটফর্ম মেল বেট, ওয়ান এক্স বেট এবং বেট ওইনার নামের বেটিং সাইটগুলো নজরে আসে। সিআইডি লক্ষ্য করে যে, সেখানে বাংলাদেশের প্রচুর গ্রাহক বেটিং বা জুয়া খেলায় অংশগ্রহণ করছে। পরবর্তী সময়ে এই সাইটগুলোর বিভিন্ন তথ্য-উপাত্ত অ্যানালাইসিস করে সিআইডি সাইবার ইন্টেলিজেন্স অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্টের একটি টিম গতকাল (বৃহস্পতিবার) ঢাকার মোহাম্মদপুর, বনশ্রী ও আগারগাঁও এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।










